চাঁপাই খবর
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোলে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে গোমস্তাপুরের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ড. মিজানুর রহমান শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সামনে এই উপজেলাকে অগ্রসর করতে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া রহনপুর-আড্ডা-পোরশা আঞ্চলিক সড়কে ছিনতাই ও ডাকাতি রোধে সড়কবাতি ও রাস্তার পাশে ছাউনি করে দেওয়ার আশ্বাস দেন তিনি।
বুধবার বেলা সাড়ে ১০টায় গোমস্তাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর সভাপতিত্বে সভায় রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং জোরদার, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, মাদকদ্রব্যের ভয়াবহতা থেকে রক্ষা, মোবাইল জুয়া, সামাজিক অবক্ষয়সহ অন্যান্য বিষয়ে পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন— ভারপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, আলীনগর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মুহাম্মদ মাসুম, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, রহনপুর বিওপি কোম্পানি কমান্ডার আতিকুর রহমান, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ মাহতাব আলী, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন নাহিদ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে বুধবার নাচোল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; বরং জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোবারক হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, টিএইচও মাহবুব উল আলম, কৃষি অফিসার সলেহ্ আকরাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, বিএমডিএ ইঞ্জিনিয়ার রেজাউল করিম, এলজিইডি ইঞ্জিনিয়ার সাদিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সভায় রমজান উপলক্ষে খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা, কৃষি সার ন্যায্য মূল্যে বিক্রি নিশ্চিত করা, টিসিবি পণ্য সঠিকভাবে বিতরণ করা, পৌরসভার আওতার সিসি ক্যামেরাগুলোতে গুরুত্ব দেওয়া, গুরুত্বপূর্ণ স্থানে সোলার লাইট স্থাপনে গুরুত্ব দেওয়া, মাদক, বাল্যবিবাহ, ধর্ষণ, খুন, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, সন্ত্রাস, নাশকতা, ডাকাতি, চোরাকারবারি, ছিনতাই, রাস্তাঘাট, স্বাস্থ্য সেবা, সরকারি জমিজমা সংক্রান্ত, পানি সরবরাহ, গাড়িঘোড়া, সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিবৃন্দরা।