চাঁপাই খবর
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ৪নং ওয়ার্ডের ফায়ার সার্ভিস সংলগ্ন আমবাগানে জামায়াতে ইসলামীর নাচোল পৌর শাখা এই মাহফিলের আয়োজন করে।
নাচোল পৌর জামায়াতের আমির মনিরুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে জেলা জামায়াতের সহ-সেক্রেটারি ইয়াহ্ইয়া খালেদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি খলিলুর রহমান, পৌর নায়েবে আমির ডা. রফিকুল ইসলাম এবং স্থানীয় জামায়াত নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা একটি আদর্শ সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেন— সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্নীতি নির্মূল করে প্রকৃত মানবকল্যাণ নিশ্চিত করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা।
সভাপতির বক্তব্যে মনিরুল ইসলাম উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং আগামীতে আর্তমানবতার সেবায় দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।
সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।