চাঁপাই খবর
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নে নরেন্দ্রপুর বিলের মধ্যে নির্মিত সেতু পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। এসময় তিনি সেতুর সংযোগ সড়ক নির্মাণের বিষয়ে অবগত হন।
উল্লেখ্য, গণমাধ্যমে সেতুটির সংযোগ সড়ক না থাকার বিষয়ে প্রকাশিত সংবাদটি দৃষ্টিগোচর হলে বুধবার পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, এই সেতুটির বিষয়ে সামাজিক ও গণমাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ার পর তারা আমাকে নির্দেশ দিয়েছেন ব্যবস্থা গ্রহণের জন্য। তাই আমি এসেছি। আমি দেখলাম। আমরা এই কাজ সম্পন্ন করার জন্য ৭ সদস্যের একটি কমিটি করে দিয়েছি। এটি সরকারি কমিটি, দলীয় নয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে। সদস্য হিসেবে রাখা হয়েছে জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, প্রকল্প পরিচালক, সদর উপজেলা নির্বাহী অফিসারকে এবং সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলীকে। এই কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে এই সেতুর সংযোগ সড়ক নির্মাণ করে জনসাধারণের চলাচলের উপযোগী করবে।
এ সময় সাংবাদিকরা উপজেলা ও পৌরসভাগুলোয় প্রশাসক নিয়োগ দেয়ার বিষয়ে জানতে চাইলে প্রশাসক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেই বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা নির্বাচন দিয়ে দিব এবং সেই নির্বাচনে জনগণের ভোটে যারা নির্বাচিত হবেন, তারাই সেই প্রতিষ্ঠানগগুলোতে প্রতিনিধিত্ব করবেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, বিগত সরকার স্থানীয় সরকার নির্বাচনগুলো বাতিল করে দিয়েছে একটি অর্ডিন্যান্সের মাধ্যমে। একই সঙ্গে তারা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় দলীয় প্রতীকে অর্থাৎ জাতীয় প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত বাতিল করে সাধারণ প্রতীকে নির্বাচন করার বিষয়টি অধ্যাদেশে রেখেছে। আপনারা জানেন, বিগত সরকারের ১৩১টি অধ্যাদেশ নিয়ে জাতীয় সংসদের একটি বিশেষ কমিটি কাজ করছে। এর মধ্যে স্থানীয় সরকারের ৫টি অধ্যাদেশ রয়েছে। অধ্যাদেশগুলো সংসদে পাস হয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এলে আমরা নির্বাচনের ব্যাপারে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেব।
প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, ‘দীর্ঘদিন পর দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে। এই নির্বাচনে মানুষ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, সারাদেশ এই সরকারের উন্নয়নের আওতায় থাকবে।
এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ হারুন, সাবেক এমপি আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনসহ স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।
পরে এলজিইডির আয়োজনে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী। এসময় তিনি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম মুয়াজ্জিনসহ ধর্মীরা নেতাদের সম্মানি ভাতা, খাল খননসহ বর্তমান সরকারের গৃহীত কর্মসূচিগুলো তুলে ধরেন।
প্রসঙ্গত, নরেন্দ্রপুর বিলের মধ্যে সেতুর নির্মাণকাজ ৬০ মিটার এরই মধ্যে শেষ হয়েছে। বাকি রয়েছে সংযোগ সড়ক। ভূমি অধিগ্রহণজনিত জটিতলতার কারণে ৫৭০ মিটার সংযোগ সড়ক নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ কোটি টাকা।