চাঁপাই খবর
চাঁপাইনবাবগঞ্জে বুধবার সন্ধ্যায় ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট’ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. শাহাদাত হোসেন মাসুদ।
তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মোতাবেক জেলার তিনটি সংসদীয় আসনে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচনকে উৎসবমুখর করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আরো ১১ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
তিনি বলেন— প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও শান্তিপূর্ণ পরিশ বজায় রেখে নির্বাচন সম্পন্ন করার বিষয়ে আশ্বস্ত করেছেন। ভোট কেন্দ্রে গণনা শেষে প্রিজাইডিং অফিসাররা পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট কেন্দ্রের নোটিশ বোর্ডে ফলাফল টাঙাবেন। এরপর সহকারী রিটার্নিং অফিসারদের কাছে সেই ফলাফল পাঠাবেন এবং সহকারী রিটার্নিং অফিসাররা রিটার্নিং অফিসারের নিকট সেই ফলাফল পাঠাবেন। এরপর প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। আমরা চেষ্টা করব, দ্রুত ফলাফল সংগ্রহ করে ঘোষণা করার। কন্ট্রোল রুম থেকে আপনারা ফলাফল সংগ্রহ করতে পারবেন।
তিনি আরো জানান, জেলার তিনটি আসনে ৫১৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১৬টি ভোট কেন্দ্র দুর্গম এলাকায়।
মতবিনিময় সভায় পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমানসহ সেনাবাহিনী, র্যাব, আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. শাহাদাত হোসেন মাসুদ সাংবাদিকদের জানিয়েছিলেন— ৫১৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১১৫টি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। সেগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাসহ সবগুলো ভোট কেন্দ্রেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্র সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। সবমিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আলহামদুলিল্লাহ। আশা করছি, একটি উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তিনি আরো জানান— তিনটি সংসদসীয় আসনে এবারের ভোটে ৩ জন অতিরিক্ত জেলা প্রশাসক, ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ব্যাটালিয়ন আনসারসহ ৬ হাজার ৬৯৫ জন্য সদস্য, ১৫ প্লাটুন বিজিবি, ১ হাজার ৮২ জন পুলিশ, সেনাবাহিনীর ১৭টি ও র্যাবের ৬টি টহল দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে।